সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আগুন নেভাতে গিয়ে জনতার রোষানলে ফটিকছড়ি ফায়ার সার্ভিস

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জুলাই ২০২৬ | ৭:২৮ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের পর দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা।

এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয় এবং গাড়িতে আঘাত করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার হেয়াকো বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, হেয়াকো বাজারের পুরোনো কৃষি ব্যাংক ভবনে আগুন লাগার পর তারা নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসার পর ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষোভ শুরু করেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়েই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

উপজেলা সদর থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

কামাল উদ্দিন আরও জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের গাড়িতে আঘাত করেন এবং হামলার পরিকল্পনা করেন।

পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি বুঝে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকা ত্যাগ করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে এমন অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ করছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয় বলে জানান ওসি বিপুল চন্দ্র দে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেয়াকো বাজারের ভাই ভাই জুয়েলার্সের কারখানা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়সহ কাপড় ও জুতার অন্তত পাঁচটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।