
কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে ঢুকে পড়া বানের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে পানিবন্দি ঘরে পরিবারের অগোচরে খাট থেকে পড়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম মোহাম্মদ ওয়াকিম। সে ওই এলাকার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।
জানা যায়, টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তাদের বসতঘরে পানি ঢুকে পড়েছিল। পরিবারের সদস্যরা তখন খাটের ওপর বসে গল্প করছিলেন।
শিশুটির মা পারভীন আক্তার সে সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে সবার অগোচরে শিশু ওয়াকিম খাট থেকে পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ পর মা পারভীন আক্তার খাটের কাছে এসে ছেলেকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির এক কোণে জমে থাকা পানিতে ওয়াকিমকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ওয়াকিমকে মৃত ঘোষণা করেন।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে গিয়ে শিশু ওয়াকিমের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।