সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্যা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম বোর্ডের শনিবারের পরীক্ষা স্থগিত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৬ | ৭:৫৮ অপরাহ্ন


টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

কয়েক দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে একই বৈরী আবহাওয়ার কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে একের পর এক পাহাড়ধসের ঘটনা ঘটছে।

টানা বৃষ্টি ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার পর্যন্ত এই অঞ্চলে ২৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে।