সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে ৩ শিশু-কিশোরীর প্রাণহানি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৬ | ৮:৪৮ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক ও ছড়ায় পড়ে তিন শিশু-কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার পৃথক ঘটনায় উপজেলার সরল ও বাহারছড়া ইউনিয়নে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সকাল ১০টার দিকে সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকায় তলিয়ে থাকা রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে নিখোঁজ হন মোছাম্মৎ তাহিন নুর।

১২ বছর বয়সী এই কিশোরী একই গ্রামের আব্দুল করিমের মেয়ে।

দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন তাকে পাননি।

পরে বিকেল ৪টা ২৫ মিনিটে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।

স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

পরে তা স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, বাহারছড়া ইউনিয়নে ছড়ার পানিতে ডুবে মো. আশিক নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইলশা এলাকায় মফজল আহমদের নতুন বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক বাড়ির সামনের রাস্তার উত্তর পাশে বশির উল্লাহ মিয়াজী বাজার সড়ক সংলগ্ন ছড়ার পানিতে পড়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোশাররফ আলী মিয়ার বাজার উপকূলীয় জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, শিশু আশিক সাঁতার জানত না।

এছাড়া একই ইউনিয়নে পানিতে তলিয়ে গিয়ে মো. মিরাজ নামের ৬ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম রত্নপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।