
চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার সকাল থেকে উপজেলার বন্যাকবলিত হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় ক্যাম্পটি পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দুর্গত এলাকার মানুষের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
চিকিৎসা সেবার পাশাপাশি হারুয়ালছড়ি ইউনিয়নের খয়রাতিপাড়া, মহানগর ও দরগা শরীফ এলাকায় বন্যাকবলিত ৮০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম রোববার মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন।
তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব এবং সেনাবাহিনীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সেনাবাহিনীর খাদ্য ও চিকিৎসাসহ জরুরি সহায়তা দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীও সেনাবাহিনীর এই কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি জানান, দেশের যেকোনো ক্রান্তিকালে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের ভরসার স্থল এবং এই সংকটে তাদের ভূমিকা প্রশংসনীয়।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শনের সময় সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।