সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ডলু নদীর স্রোতে সাতকানিয়ায় ধসে গেল পাকা বাড়ি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২৬ | ১০:৪৮ পূর্বাহ্ন


ডলু নদীর তীব্র স্রোতে সড়ক ভেঙে প্রবল বেগে পানি ঢুকে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পাকা বসতবাড়ি ধসে পড়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সামিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা আগেই ঘর থেকে বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাড়ির মালিক মো. সেলিম জানান, বুধবার গভীর রাতে ডলু নদীর তীব্র স্রোতে বাড়ির দক্ষিণ পাশের সড়কটি ভেঙে যায়।

এরপর পাঁচ থেকে ছয় ফুট উঁচু পানির ঢেউ সরাসরি তাদের বাড়ির সীমানাপ্রাচীরে আঘাত হানে।

বিকট শব্দে সড়ক ভেঙে পড়তে দেখে প্রতিবেশীরা ছুটে এসে ঘুমন্ত অবস্থায় তাদের দ্রুত ঘর থেকে বের করে দেন।

মো. সেলিম জানান, চোখের সামনে পুরো সড়ক বন্যার পানিতে বিলীন হওয়ার পর প্রবল স্রোত বাড়ির দিকে ধেয়ে আসে।

তিনি জানান, পরনের কাপড় ছাড়া ঘর থেকে আর কিছুই তারা বের করতে পারেননি।

কিছুক্ষণ পরই বাড়ির নিচের মাটি ধসে পুরো পাকা বাড়িটি ভেঙে পড়ে বলে তিনি উল্লেখ করেন।

ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সারাজীবনের সঞ্চয় হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

সেলিমের মেয়ে জান্নাতুল নাঈম জানান, ডলু নদীর বাঁধ ভেঙে আসা স্রোতে কষ্ট করে বানানো তাদের বাড়িটি মুহূর্তেই শেষ হয়ে গেছে।

বাড়িটির জায়গাও ভেঙে যাওয়ায় সেখানে পুনরায় ঘর নির্মাণের সুযোগ নেই উল্লেখ করে তিনি সরকারের কাছে পুনর্বাসনের আবেদন জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, পানির তীব্র স্রোতে সড়ক ভেঙে যাওয়ার পর আশপাশের বেশ কয়েকটি বাড়িও এখন ঝুঁকির মুখে পড়েছে।

এদিকে টানা পাঁচ দিনের বন্যায় সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।

ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার ছদাহা, কেঁওচিয়া, বাজালিয়া, ধর্মপুর, কাঞ্চনা, ঢেমশা, সদর, খাগরিয়া, চরতী, সোনাকানিয়া, কালিয়াইশ, আমিলাইষ, নলুয়া ও পশ্চিম ঢেমশাসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

অনেক পরিবার বসতঘর ছেড়ে স্কুল, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

কোথাও কোথাও এখনো ঘরে কোমর থেকে বুকসমান পানি থাকায় বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।