
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটার সময় গাছের ডাল বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম জামাল আলম (২৬)।
সোমবার (১৩ জুলাই) উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেশায় কাঠুরে জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভুজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটতে যান জামাল আলম।
এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।
এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামাল আলমকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।