সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের ফাঁকা বাড়িতে চুরি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে এক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রান্নাঘরের জানালা কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়েছে চোরেরা।

এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর পাড়ায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আইনজীবীর নাম এডভোকেট শহিদুল ইসলাম সুমন।

তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় এডভোকেট শহিদুল ইসলাম সুমনের বাড়ির ছাদের দরজা খোলা দেখতে পান প্রতিবেশীরা।

পরে ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙা এবং মালামাল ও নগদ টাকা লুটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এডভোকেট শহিদুল ইসলাম সুমন জানান, তিনি গ্রামের ওই বাড়িতে নিয়মিত থাকেন না।

প্রতি সপ্তাহে তার বাবা-মা ওই বাড়িতে আসেন।

তিনি ধারণা করছেন, রোববার রাতে অথবা সোমবার দিনের বেলা চুরির এই ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি বিষয়টি পটিয়া থানার ওসিকে মোবাইল ফোনে অবহিত করেন।

এই ঘটনার বিষয়ে তিনি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এর আগে মাসখানেক আগেও তার বাড়িতে একইভাবে পাইপ চুরির ঘটনা ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।