
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের তিন উপজেলায় চাল বিতরণকালে তিনি এ কথা বলেন।
বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
বাঁশখালীতে চউকের সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসহায়তা তুলে দেন।
তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার সংলগ্ন ভাদালিয়া এলাকায় এই ত্রাণ বিতরণ করেন।
এছাড়া সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ মানুষের মাঝে এ ত্রাণসহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সবসময় আন্তরিক।
চউক চেয়ারম্যানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হবে।
সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে মানুষের প্রয়োজনে চউকের এই সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে চউকের এই ত্রাণসহায়তা পেয়ে স্থানীয় জনগণও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।