সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়া ক্রীড়া পরিষদের নতুন সভাপতি দিদার ও সম্পাদক বাবর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৬ | ৪:৩৯ অপরাহ্ন


যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক দিদারুল আলমকে সভাপতি করা হয়েছে।

পাশাপাশি সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

তাদের নেতৃত্বে মোট ৪১ সদস্যবিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের উপদেষ্টা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন এবং ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন উপস্থিত ছিলেন।

পাশাপাশি রফিকুল ইসলাম, দিদারুল আলম ও মাস্টার আবু হানিফ বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন।

বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপদেষ্টা কমিটির সদস্যরা বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তারা জানান, সাতকানিয়ার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

নতুন কমিটির নেতৃত্বে সাতকানিয়া ক্রীড়া পরিষদ নিয়মিত খেলাধুলার আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবরকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন উপস্থিত অতিথিরা।