সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় একশ বন্যার্ত পরিবারের পাশে জামায়াত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জুলাই ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ন


সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

সেখানে প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

অনুস্থানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তাঁরা।

লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন এবং সেক্রেটারি মহিউদ্দিন বাবু।

এছাড়া লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরীফ চৌধুরী, জসিম উদ্দিন, অ্যাডভোকেট নিশান এবং মুমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।