সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে গোয়ালঘর ভেঙে দুই গরু চুরি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জুলাই ২০২৬ | ৭:৪০ অপরাহ্ন


রাউজানে গোয়ালঘর ভেঙে দুই গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. নাঈম উদ্দিন শনিবার (১৮ জুলাই) রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই রাত আনুমানিক ২টার দিকে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে একটি বড় গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় তারা।

চুরি হওয়া গাভীটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাছুরটির মূল্য প্রায় ২০ হাজার টাকা। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গরু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোর শনাক্তে তদন্ত চলছে এবং একজন পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।