সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর হেলালের

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ জুলাই ২০২৬ | ১২:৩০ অপরাহ্ন


বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে কাঁধে কাঁধ মিলিয়ে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের ওপর জোর দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এই চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আগের ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে খুন, গুম, অবিচার ও নির্যাতন চালিয়ে দেশের প্রশাসন এবং বিচার বিভাগকে অকার্যকর করে রেখেছিল।

চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তায় ও মননে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ সবসময় অগ্রাধিকার পায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ, জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এনজিও থেকে ঋণ নেওয়া ব্যক্তিদের অন্তত এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিন দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে স্বল্পমূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয়ের ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি আগামী আগস্ট মাস থেকে দেশব্যাপী শুরু হবে।

সরকারের পদক্ষেপের বিবরণ দিয়ে তিনি জানান, পার্বত্য তিন জেলায় ইতোমধ্যে ১৩০০ মেট্রিক টন চাল ও নগদ ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং গবাদিপশুর জন্য বিনামূল্যে ক্ষুরা রোগের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের প্রণোদনা দেওয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনের যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফলিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।

এছাড়া সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাগড়াছড়ি জেলা সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।