সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হালদায় ভাসমান বিচ্ছিন্ন হাত: নেপথ্যে কি কোনো লোমহর্ষক হত্যাকাণ্ড?

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬ | ৯:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদী থেকে একটি মানুষের বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার নদী থেকে হাতটি উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজন নদীর তীরে একটি কাটা হাত ভাসতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পরে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য হাতটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উদ্ধার হওয়া হাতটি নারী নাকি পুরুষের, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হাতটি কতদিন আগে নদীতে এসেছে এবং এটি কোনো হত্যাকাণ্ড বা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বিচ্ছিন্ন হাতটির পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

আশপাশের থানাগুলোতে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে হালদা নদী ও আশপাশের এলাকায় আরও কোনো দেহাবশেষ রয়েছে কি না, সেটিও অনুসন্ধান করছে পুলিশ।

এদিকে, চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে আনার দাবি জানিয়েছেন।

ওসি বিপুল চন্দ্র দে আরও জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য আলামত বিশ্লেষণের পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।