
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি তেলবাহী গাড়ি, ডাবল কেবিন পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. সালাহ উদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি আগে ইসমাইল খান চত্বর নামে পরিচিত ছিল।
নিহত সালাহ উদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে মুসলিম চত্বরে পৌঁছালে সেভেন রিং সিমেন্টের একটি তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ ও এসএম সুমন জানান, সালাহ উদ্দিনের মৃত্যুতে স্থানীয় যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ইকোনমিক জোন সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার এবং গাড়িগুলো জব্দের পর এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।