সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বোয়ালখালীর লবণ কারখানায় অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন পঞ্চম শ্রমিকের মৃত্যু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত ওই শ্রমিকের নাম মাহমুদুল হক (৪০)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার বাসিন্দা ছিলেন। এই নিয়ে ওই কারখানার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

এর আগে গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় আগুন লাগে।

এ ঘটনায় মোট ১০ জন আহত হয়েছিলেন। গুরুতর দগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এছাড়া আরও তিনজনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজনের সবারই মৃত্যু হলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন রাতেই গুরুতর দগ্ধ মোহাম্মদ নুরুল আলম (৪৫) এবং দিদারুল আলম (৩২) মারা যান।

এরপর গত ১৯ জুলাই মারা যান রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩) এবং বোয়ালখালীর গোমদণ্ডী এলাকার নুর নবী (২৫)।

সর্বশেষ বৃহস্পতিবার মাহমুদুল হকের মৃত্যু হলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গুরুতর অবস্থায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল এবং প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।