
হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদর এলাকার নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর (৫০)।
তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা।
আলমগীর ওই নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল নোমান জানান, আলমগীরের স্ত্রী চিকিৎসার জন্য নতুন সাউন্ড হেলথ হাসপাতালে এসেছিলেন।
খবর পেয়ে স্ত্রীকে দেখতে তিনি মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় কক্সবাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।
ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
আবদুল্লাহ আল নোমান আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত আলমগীরকে উদ্ধার করেন।
তাঁকে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নতুন সাউন্ড হেলথ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, আহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।