সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়া-লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযান, প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রশংসা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬ | ৭:৩১ অপরাহ্ন


পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার অংশ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচির প্রশংসা করেন।

শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া ও দুপুরে লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের এই সংসদ সদস্য জানান, ধর্মীয় মূল্যবোধেও পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

তাই ব্যক্তি, পরিবার ও সমাজ—সব পর্যায়ে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার বেলা ১১টায় সাতকানিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে র‍্যালিটি শুরু হয়। এটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অমিত দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।

এছাড়া সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা যুবদলের সেক্রেটারি মো. নাজিম উদ্দিন এবং সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর কর্মসূচিতে অংশ নেন।

পৌর যুবদলের আহ্বায়ক এস এম জাহিদ ও সদস্য সচিব মো. শাহজাহানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষও এই র‍্যালিতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিন দুপুরে লোহাগাড়া উপজেলায়ও অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পাশাপাশি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

নিয়মিত এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।