
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আবু জাফর মজুমদার। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তাঁর এই যোগদান এমন এক প্রেক্ষাপটে হলো, যখন সদ্য বিদায়ী এসিল্যান্ড দীপক ত্রিপুরার বিরুদ্ধে সম্প্রতি একুশে পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগ ওঠার পরই তাঁকে আনোয়ারা থেকে সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার দীপক ত্রিপুরা চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে যোগ দিয়েছেন।
আনোয়ারা ভূমি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা দীপক ত্রিপুরার এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বদলির পরই শূন্য হওয়া পদে নিয়োগ পেয়েছেন আবু জাফর মজুমদার।
নতুন এসিল্যান্ডের যোগদানের খবরে স্বস্তির আভাস মিলেছে আনোয়ারার ভূমি অফিসেই। স্থানীয় সেবাগ্রহীতা ও অফিসের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা আশা করছেন, আবু জাফর মজুমদারের হাত ধরে আনোয়ারার ভূমি ব্যবস্থাপনায় ফিরবে হারানো স্বচ্ছতা।