
বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ শেষ হয়নি, তাই এখন তাদের পুনর্বাসনই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লোহাগাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুবের রহমান শামীম বলেন, ভয়াবহ বন্যায় অনেকে বসতঘর হারিয়েছেন। কৃষিজমি, গবাদিপশুর খামার, পোলট্রি খামার এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
জেলা পরিষদের এক সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে ক্ষতির তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পর্যায়ক্রমে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
বন্যাকালে সরকার, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল।
নেতাকর্মীদের দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী এবং সদস্য নাজমুল মোস্তফা আমিন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ শহীদুল্লাহ এবং লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শব্বির আহম্মেদ।