
দেশের সার্বিক পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কীভাবে দেশে পরিবর্তন আনলে বাংলাদেশ এগিয়ে যাবে, তা নিয়ে প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। তাঁর নেতৃত্বে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের সামগ্রিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অনেক সমস্যা ও আর্থিক দুর্বলতা রয়েছে। তারপরও দেশের তরুণদের অদম্য আকাঙ্ক্ষা ও শক্তি দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আশা দেখায়।
দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। তবে দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসেই দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি এরই মধ্যে কাজ শুরু করেছেন।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।
ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান এবং অর্থনীতিবিদ জ্যোতি রহমান।
এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।