
যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেনশিয়াল ন্যাশনাল সার্ভিস অনার গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
কোভিড-১৯ মহামারির সময় সঠিক তথ্যসেবা প্রদান এবং মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
রোববার (২৫ জুলাই) নিউইয়র্কের ব্রুকলিনে একটি চার্চের ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস অফ হোপ কমিউনিটি আউটরিচ-এর অন্যতম প্রধান চ্যাপ্লেন কিম থমাস এই অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
অনুষ্ঠানে শাহাব উদ্দিন সাগর ছাড়াও আরও ১১ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। তবে ১২ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনিই এই সম্মাননা পেয়েছেন।
এর পাশাপাশি ইউএস কংগ্রেসউইম্যান ইভেট ডি. ক্লাকের প্রশংসাপত্র, নিউইয়র্ক স্টেট সিনেটর রেক্সোনি জে. পারসুডের প্রোক্লেমেশন এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলউইম্যান মার্সেডিস নার্সিসের সাইটেশনও হস্তান্তর করা হয়।
‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ বা পিভিএসএ-এর বিকল্প হিসেবে ‘ন্যাশনাল সার্ভিস অনার’ চালু করা হয়। সমাজসেবামূলক কাজের যাচাইকৃত ঘণ্টার ভিত্তিতে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড স্তরে এই সম্মাননা দেওয়া হয়।
অ্যাওয়ার্ড গ্রহণের পর শাহাব উদ্দিন সাগর বলেন, এটি কেবল তার একার অর্জন নয়; বরং যেসব স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতার সঙ্গে তিনি কাজ করেছেন, এটি তাদের সবার প্রতি উৎসর্গকৃত।
সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান।
একজন ফেডারেল চ্যাপ্লেন হিসেবে মানুষের আধ্যাত্মিক সেবা ও মানসিক সাহস জোগানোর কাজ করেছেন বলেও উল্লেখ করেন শাহাব উদ্দিন সাগর। তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে পারস্পরিক সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলাই তার লক্ষ্য।
সাংবাদিক শাহাব উদ্দিন সাগর কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত মাতামুহুরী এলাকার ঢেমুশিয়া ইউনিয়নের সন্তান। তিনি চকরিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য।
একসময় তিনি দৈনিক আজাদী, আজকের কাগজ ও এনটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে দৈনিক যায়যায়দিন পত্রিকায় কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এক যুগেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর বর্তমানে সেখানে তিনি সাপ্তাহিক নবযুগ পত্রিকা সম্পাদনা করছেন।