সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ৪০ স্টল নিয়ে নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২৬ | ৭:৪১ অপরাহ্ন


নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর।

বুধবার বিকেলে পটিয়া পৌরসদরের থানার মোড়ে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পটিয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর কেপিডিএল ক্রাউন সেন্টারের তৃতীয় তলায় ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নারীরা আজ আর শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নন। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এমন উদ্যোগ আরও বাড়াতে হবে।

মেলা উদ্বোধনের সময় বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এছাড়া দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা এবং আয়োজক মোহাম্মদ সাকিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ৭ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।

মেলায় গার্মেন্টস সামগ্রী, হাতে তৈরি বিভিন্ন পণ্য, কসমেটিকস, নারীদের ব্যবহার্য সামগ্রী এবং ফুচকা-ঝাল বিতানসহ নানা ধরনের পণ্যের প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে।

মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা জানান, স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রেতাদের কাছে পরিচিত করা এবং তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করাই এই মেলার মূল উদ্দেশ্য।

দেশীয় পণ্য কিনে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।