
চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নিয়ম ভঙ্গের দায়ে সাতটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিন মাদক সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে পৌরসভার বাস স্ট্যান্ড ও কাচারি সড়কের বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান চালানো হয়।
হাটহাজারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই আদালত পরিচালনা করে। এ সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং ড্রাগ ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকার অপরাধে এই জরিমানা করা হয়।
এছাড়া চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি, ওষুধ বিষয়ে মিথ্যা নিশ্চয়তা প্রদান ও ফ্রিজে সঠিক তাপমাত্রা না থাকার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
এসব কারণে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় বাস স্ট্যান্ড এলাকার মেসার্স ফেরদৌস ফার্মেসী ও মেসার্স আল মক্কা ফার্মেসীকে জরিমানা করা হয়।
এছাড়া কাচারী সড়কের মেসার্স নিউ খাজা ফার্মেসী, মেসার্স আল মদিনা ফার্মেসী, আল রহমান ফার্মেসী, মায়া ফার্মেসি এবং আল আমিন ড্রাগ হাউসকে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার এই অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।
একই দিন পৌরসভার কামালপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।
এ সময় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আবদুল জব্বার লিটন ও সুমন নাথ নামের দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মানসম্মত ওষুধ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।