সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দেড় কোটি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

অংশ নিচ্ছে ৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬ | ২:৫৪ অপরাহ্ন


দেশের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সারা দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশ নেবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, তিন হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ছয় হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং মেধাবী ফুটবলার তুলে আনার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এর অন্যতম উদ্দেশ্য। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

টুর্নামেন্টটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের বালক ও বালিকাদের জন্য মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ের খেলা উদ্বোধনের পরপরই উপজেলা পর্যায়ে শুরু হবে, যা চলবে ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলা শুরু হবে আগামী ৬ অক্টোবর।

পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্ব শেষে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা ও জেলা পর্ব পেরিয়ে আটটি অঞ্চলের ৩২টি দল আঞ্চলিক পর্যায়ে লড়বে।

আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান হবে। সেখানেও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। চার ক্যাটাগরি থেকে মোট চারটি দল জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হবে।

টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য রিলস, থিম সং ও মাসকট তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনের দিন বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবেন।

সংবাদ সম্মেলন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চট্টগ্রামে আয়োজিত এই টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।