সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পরিবেশ রক্ষা ও জনসেবায় রাজনীতি ব্যবহারের আহ্বান শামীমের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬ | ৯:৪৪ পূর্বাহ্ন


রাজনীতিকে পরিবেশ রক্ষা এবং দুস্থ মানুষের সেবায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত এক সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সরকারি অনুদান ছাড়া নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষক দল।

মাহবুবের রহমান শামীম বলেন, কৃষক দল সবসময় মেহনতি মানুষ ও কৃষকদের পাশে আছে। উপজেলা কৃষক দলের নেতাদের নিজস্ব অর্থায়নের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সমাজের অবহেলিত মানুষের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ হাফেজ আহমেদ।

দলের নেতাকর্মীদের যৌথ অর্থায়নে পরিচালিত এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ শফি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মহিউদ্দিন এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, কৃষক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিমুল ইসলাম।

আলোচনা শেষে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাও রোপণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।