সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে তিন মাদকাসক্তের কারাদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২৬ | ১০:৪৮ পূর্বাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে তিন ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার রেলস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন ও র‍্যাব-৭ যৌথভাবে এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

কারাদণ্ড পাওয়া ওই তিন ব্যক্তি হলেন মোহাম্মদ হোসেন, মো. মোজাফফর এবং মো. কামাল হোসেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলস্টেশন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ওই তিন ব্যক্তি জনসাধারণের শান্তি বিনষ্ট করছে বলে তাদের কাছে তথ্য আসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পান অভিযানে অংশ নেওয়া সদস্যরা।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়।

ওই তিন মামলায় মোহাম্মদ হোসেন, মো. মোজাফফর এবং মো. কামাল হোসেনের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

তিনি জানান, হাটহাজারী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।