সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সম্পত্তি নিয়ে বিরোধে ফটিকছড়িতে বৃদ্ধ খুন, বোন গ্রেপ্তার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন বোনের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিহতের নাম মো. রফিক প্রকাশ মনা। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এই ঘটনা ঘটে। মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

এই ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, মো. রফিকের দুই সংসার রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন।

মো. কাসেম অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে ফুফু রোজি আক্তার ও সৎভাই হাসানদের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার রাতে তাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয় বলে জানান মো. কাসেম।

বৃহস্পতিবার রাতে সৎভাই হাসান ফোনে কাসেমকে জানান যে তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান তিনি।

সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান মো. কাসেম। ঘটনাটি স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে তিনি দাবি করেন।

এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ বা চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মো. কাসেম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং রোজি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।