
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলনে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি এবং মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার উপজেলা টাউনহল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
ঘোষিত এই নতুন কমিটিতে মো. নুরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর থেকে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে সম্মেলনস্থলে সমবেত হন।
বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
উদ্বোধন শেষে উপজেলা বিএনপির বিদায়ী আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সদস্য সচিব মো. মীর হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এবং যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়া স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনামসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দেন।
সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।