সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জাফর সাদেক

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২৬ | ১০:২৬ অপরাহ্ন


বর্তমান সরকারকে অবশ্যই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।

তিনি সরকারকে স্মরণ করিয়ে দেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছিল। জুলাই বিপ্লব সফল হয়েছিল বলেই বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারজ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, নায়েবে আমীর অধ্যাপক জালাল উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নেজামী এবং সহকারী সেক্রেটারি মো. হারুনুর রশিদ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা কর্মপরিষদ সদস্য কমরুদ্দীন সিকদার, জামায়াত নেতা কাজী আকবর, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন এবং দোহাজারী পৌরসভা আমীর মুহাম্মদ শহীদুল ইসলাম।