সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ অগাস্ট ২০২৬ | ৯:৫৪ অপরাহ্ন


বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

সম্ভাব্য এই সফরের অংশ হিসেবে শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

বিকেলে তিনি ফটিকছড়ির নাজিরহাটস্থ আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় সম্ভাব্য সফর উপলক্ষে প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি।

পরে জেলা প্রশাসক পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘী মোড় সংলগ্ন সিএন্ডবি মাঠ পরিদর্শন করেন। সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তিনি সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমিসহ বিভিন্ন অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আগামী প্রায় এক মাসের মধ্যে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সফরসূচি পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের কর্মসূচিতে ফটিকছড়ি অন্তর্ভুক্ত হতে পারে।

সে ক্ষেত্রে তিনি বাবুনগর মাদ্রাসা সফর করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সম্ভাব্য সফরকে সামনে রেখে বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মানুষের দুর্ভোগের বাস্তব চিত্র মাঠপর্যায়ে সংগ্রহ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এছাড়া চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ এবং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।