সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম প্রেস ক্লাবকে হারিয়ে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী র‍্যাব

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২ অগাস্ট ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল ম্যাচে চট্টগ্রাম প্রেস ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে র‍্যাব-৭।

শনিবার বিকেলে র‍্যাব-৭ এর সদর দপ্তরের নিজস্ব মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত এবং ক্রীড়া সম্পাদক রুবেল খান উপস্থিত ছিলেন।

এছাড়া ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ ও ফারুক মুনির উপস্থিত ছিলেন।

র‍্যাব-৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে উপস্থিত থেকে এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

খেলার প্রথমার্ধে একটি গোল করে প্রথমে এগিয়ে যায় র‍্যাব-৭ দল।

পরে দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম প্রেস ক্লাব দলের পক্ষে একটি গোল করে খেলায় সমতা ফেরানো হয়।

তবে শেষ মুহূর্তে র‍্যাব-৭ দল আরও দুটি গোল করে নিজেদের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।

বিজয়ী দলের পক্ষে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান একাই দুটি গোল করেন।

দলটির হয়ে অপর গোলটি করেন অপস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন।

অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

ম্যাচ শেষে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।