
ফেসবুকে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথা লিখে পোস্ট দেওয়ার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নীরব ইমন নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, কর্মসংস্থানের উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নীরব ইমন। নতুন জীবন শুরু করার নানা পরিকল্পনা থাকলেও তার সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি জহির উদ্দিন জানান, কিছুদিন আগে নীরব ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল। বিষয়টি পরে সামাজিকভাবে মীমাংসা করা হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
মৃত্যুর আগে নীরব ইমনের দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে ওসি জহির উদ্দিন উল্লেখ করেন।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।