
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিগত সরকারের নির্যাতনের স্মৃতিবিজড়িত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরে সংরক্ষিত ফ্যাসিস্ট সরকারের আমলের নানা নির্যাতনের নিদর্শন ঘুরে দেখেন।
পাশাপাশি তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, আলোকচিত্র ও ঐতিহাসিক দলিলও পরিদর্শন করেন।
উদ্বোধনের পরপরই জাদুঘরটি সাংবাদিকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়।
তবে আজ বুধবার জাদুঘরটি মূলত বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্যই সংরক্ষিত থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।
এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।