
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও মো. নাজমুল হাসান।
সভায় বক্তারা ব্যক্তি ও সমাজজীবনে স্বেচ্ছাচারিতা, প্রতিহিংসা ও বিভেদ পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তারা জানান, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হিলাল উদ্দিন আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী ও অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুব ছাফা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়া পৌর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও ইলিয়াস সিকদার আলোচনায় অংশ নেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউছুফ চৌধুরী, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা শাহজাহান সিকদার অনুষ্ঠানে বক্তব্য দেন।
পাশাপাশি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, উপজেলা যুবদল নেতা সেকান্দর সওদাগর এবং জেলা ছাত্রদলের নেতা আনছুর উদ্দিন, পারভেজ মোশারফ, হেলাল আহমেদ ও সাইফুল ইসলাম তালুকদার সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।