
চট্টগ্রামের পটিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে একটি মুদি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার ভোররাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের সত্তার মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে আবদুল মজিদের একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। আগুন দেওয়ার অভিযোগ এনে এক প্রতিবেশীর বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
জানা যায়, ৬৭ বছর বয়সী আবদুল মজিদ হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার সত্তার মার্কেটে ‘মজিদ স্টোর’ নামে ওই মুদি দোকানটি পরিচালনা করে আসছিলেন।
বুধবার ভোররাতে পরিচিত ব্যক্তি জিহান তাকে ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন।
পরে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান এবং দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক আবদুল মজিদ জানান, তার সঙ্গে এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগিয়ে এই ক্ষতিসাধন করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।
তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেষ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ বা ওসি জিয়াউল হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তদন্তে আগুন লাগানোর ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।