
হৃদ্রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারের উখিয়ায় একটি পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে মিরাজ আহমদ নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ইনানী সৈকতের ‘হোটেল বে-ওয়াচ’ নামের একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
৩৮ বছর বয়সী মিরাজ আহমদের বাড়ি মুন্সিগঞ্জে।
জানা যায়, মিরাজ আহমদ পরিবারের সদস্যদের নিয়ে ওই সুইমিং পুলে গোসলে নেমেছিলেন এবং একপর্যায়ে তিনি সেখানে অচেতন হয়ে পড়েন।
পরে হোটেল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোটেল বে-ওয়াচ কর্তৃপক্ষ জানায়, স্ত্রী ও সন্তানসহ দুই দিনের ভ্রমণে গত সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ।
মঙ্গলবার বেলা তিনটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি হোটেলের সুইমিং পুলে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আতিকুর রহমান মজুমদার জানান, সুইমিং পুলে সাঁতার কাটার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরাজ আহমদ অচেতন হয়ে পড়েন।
ওসি আতিকুর রহমান মজুমদার আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিলেন।
এই ঘটনায় উখিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আজ মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।