সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে জুলাই গণহত্যার বিচার চেয়ে বিক্ষোভ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৬ | ৮:০৫ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা সদরের বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়।

১১ দলীয় ঐক্য ফটিকছড়ি উপজেলার উদ্যোগে আয়োজিত এই মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাস স্টেশনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

সমাবেশে বক্তারা জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

একইসঙ্গে তারা ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ গণআন্দোলনে সম্পৃক্ত হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এই সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ নাজিম উদ্দিন ইমু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আইন সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সহকারী প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম ও সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম।

এছাড়া এনসিপি নেতা একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ।

এ সময় থানা শাখার অফিস সম্পাদক মুহাম্মদ আবু জাফর, ইব্রাহিম খলিল এবং রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সেখানে অংশ নেন।