
তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্বের বিকাশ এবং সচেতন নাগরিকত্বের চেতনা জাগ্রত করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার চুনতীতে ডিবেটার্স ফোরাম অব চুনতীর বা ডিএফসির উদ্যোগে ‘জুলাইয়ের জাগরণে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুনতী উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে সিনিয়র বিভাগে ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা চ্যাম্পিয়ন এবং চুনতী মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেটার্স ফোরাম অব চুনতীর সভাপতি এবিএম গোলাম রব্বানী।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ কাফি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল আবরার এবং নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও প্রিয় সাতকানিয়া-লোহাগাড়া সম্পাদক আরফাত হোছাইন বিপ্লব।
আয়কর আইনজীবী কুতুবউদ্দিন, অধ্যক্ষ আব্দুল আজিজ শোয়াইব এবং ডিএফসির উপদেষ্টা আবু বকর সামিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া চুনতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং চুনতী মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হকও অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমরানুল হক।
তার সঙ্গে বিচারক হিসেবে আরও ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন চট্টগ্রাম জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইমরান এবং বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুহু রুহেল।
চুনতী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তথ্য ও যুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতার প্রমাণ দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি নতুন প্রজন্মের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর একটি সামাজিক উদ্যোগ।
ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে চুনতীতে বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দল এবং কৃতী বিতার্কিকদের হাতে ট্রফি, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।