সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জ্বালানি খাত বেসরকারিকরণের ‘চক্রান্ত’ প্রতিহতের হুঁশিয়ারি শ্রমিক নেতাদের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০২৬ | ১০:১২ অপরাহ্ন


পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ‘চক্রান্ত’ কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

এই উদ্যোগকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে তারা বলেছেন, জ্বালানির মতো স্পর্শকাতর খাত বেসরকারিকরণ হলে দেশের মানুষ মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়বে।

বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের এক জরুরি সভায় শ্রমিক সংগঠনের নেতারা এসব কথা বলেন।

সভায় বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কায়ছার হামিদ অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা সুবিধাবাদী কিছু কর্মকর্তা পরিশোধিত তেল আমদানির সুযোগ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি আরও জানান, পূর্বে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়ার কারণে একটি নাজুক পরিস্থিতির উদ্ভব হয়েছিল।

নতুন করে পরিশোধিত তেল আমদানির পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্প্রতি বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ তৈরিতে সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনা করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির কাছে একটি চিঠি দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীরা বিস্মিত হয়েছেন এবং একে অশনিসংকেত উল্লেখ করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

একইসঙ্গে যারা এই কার্যক্রমে জড়িত, তাদের অবিলম্বে সরে আসারও আহ্বান জানানো হয়।

ইস্টার্ন রিফাইনারির সিবিএ সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এই জরুরি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ইস্টার্ন রিফাইনারির এমপ্লয়ীজ ইউনিয়নের বা সিবিএর সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান এবং পদ্মা অয়েল কোম্পানি সিবিএর সভাপতি মো. জসিম উদ্দিন।

এছাড়া বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের অর্থ সম্পাদক হামিদুর রহমান, যমুনা সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির এবং পদ্মা সিবিএর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সভায় বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলপিজির সিবিএ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম এবং পদ্মা সিবিএর অর্থ সম্পাদক ইয়াহিয়া আহাদ।