সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তৃণমূলকে কাজে লাগিয়ে সমৃদ্ধ মানিকছড়ি গড়ার অঙ্গীকার বিএনপির

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০২৬ | ১০:১৭ অপরাহ্ন


তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ মানিকছড়ি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটহরী বাজার প্রাঙ্গণে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

তিনটহরী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. হাবিবুর রহমান হাবিব বলেন, খাগড়াছড়ি আসনের এমপি এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় বিএনপি সুসংগঠিত অবস্থায় রয়েছে।

তৃণমূলই বিএনপির মূল শক্তি উল্লেখ করে তিনি সকল বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বলেন, নবগঠিত এই কমিটি মানিকছড়িতে দলকে নতুন গতি এনে দেবে।

প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনকে আরও সুসংগঠিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনটহরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কাশেম এবং সহসভাপতি মো. জয়নাল আবেদীন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও জাহাঙ্গীর হোসেন সেখানে বক্তব্য দেন।

বক্তারা দলের নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা শেষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।