
ভূমধ্যসাগর পেরিয়ে লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো দুই শতাধিক অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক এবং কয়েকজনের বাড়ি মিসরে।
গ্রিসের সংবাদপত্র দেমোক্রাতিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, ৪৮ ঘণ্টার কম সময়ে লিবিয়া থেকে একের পর এক নৌযাত্রায় অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন।
অভিবাসনপ্রত্যাশীদের এমন ঢলের কারণে ওই দ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ ও অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে।
গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়।
এর আগে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ ওই নৌকাটিকে প্রথম শনাক্ত করেছিল।
পরে গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় ওই অভিবাসনপ্রত্যাশীদের ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়।
সেখানে নেওয়ার পর তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়।
এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছান।
প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।
দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক ছিলেন।
উদ্ধার হওয়া সব অভিবাসনপ্রত্যাশীকে স্থানীয় হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়শিবিরে রাখা হয়েছে।
ক্রিটে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় নতুন করে আসা ব্যক্তিদের এই নির্দিষ্ট আশ্রয়শিবিরে রাখা হচ্ছে।