সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভুয়া পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী সাজ্জাদের ‘সহযোগী’, বিমানবন্দর থেকে গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০২৬ | ৮:৫৯ পূর্বাহ্ন


ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ওমান পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই এবং সহযোগী হিসেবে পরিচয় দিতেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ এই গ্রেপ্তারের বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়।

তিনি জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন।

এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন।

নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে তিনি ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ জানান, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে গোলাম সারোয়ার খান ঢাকা ও চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

চট্টগ্রাম মহানগরে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সন্ত্রাসী সাজ্জাদ আলী মুঠোফোনে দাবি করেছেন যে, গোলাম সারোয়ার খান নামে তার কোনো ফুফাতো ভাই বা সহযোগী নেই।

ওই ব্যক্তি তার নাম ব্যবহার করে নানা অপরাধ করে আসছেন বলে তিনি দাবি করেছেন।