সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী, মতবিনিময় করবেন ৬৪ আলেমের সঙ্গে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০২৬ | ৪:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৌঁছে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এছাড়া ওই মাদ্রাসায় উপস্থিত ৬৪ জন আলেমের সঙ্গে তিনি মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এর আগে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের পর মাঠে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।

উপস্থিত জনতার শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁর অভিবাদন প্রকাশ করেন।

পরে সড়কপথে তিনি ফটিকছড়ির ওই ঐতিহ্যবাহী মাদ্রাসায় গিয়ে পৌঁছান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, ফটিকছড়িতে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় যাবেন।

সেখানে তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

এ সময় হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত থাকবেন বলে নির্ধারিত রয়েছে।

পরে হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

সেখানে তাঁর কিছু প্রকল্পের উদ্বোধন এবং দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণের কথা রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রাম রেডিসন ব্লুতে জেলার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তাঁকে স্বাগত জানাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন।