
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পঞ্চম স্থান অর্জন করেছে বাঁশখালীর শিক্ষার্থী মুহম্মদ আয়াজ মুহতাসিম। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১ হাজার ২৬৬ নম্বর।
আয়াজ মুহতাসিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের মধ্যম মানিকপাঠান গ্রামের আজিজ আহমেদ ও জিন্নাত সুলতানা ঝিনুক দম্পতির সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, আয়াজ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ফল করে আসছে। স্কুলজীবনের বিভিন্ন পরীক্ষায়ও সে ভালো ফলাফল করেছে। পড়াশোনার পাশাপাশি বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে সে।
আয়াজের বড় দুই বোনের একজন চিকিৎসক এবং অন্যজন প্রকৌশলী। তিন ভাইবোনের মধ্যে আয়াজ সবার ছোট।
নিজের ফলাফল সম্পর্কে আয়াজ মুহতাসিম বলেন, “এই সাফল্যের পেছনে শিক্ষক ও পরিবারের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে দেশের জন্য কাজ করতে চাই।”
তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে।