
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া স্কুল সড়ক দখল করে ছাগলের বাজার বসানোয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পদুয়া হাইস্কুলের সড়কটি দখল করে বিক্রেতারা বেচাকেনা করছেন।
একেকজন বিক্রেতা পাঁচ থেকে সাতটি ছাগলের দড়ি হাতে বিক্রির জন্য সড়কের ওপরই দাঁড়িয়ে আছেন।
সড়কটি পুরোপুরি দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, এভাবে সড়ক দখল করে ছাগল বেচাকেনা করায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
বিশেষ করে ব্যস্ত সময়ে এই যানজট আরও তীব্র আকার ধারণ করছে।

সড়ক ও মহাসড়কের ওপর এভাবে বাজার বসানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তাঁরা আশঙ্কা করছেন, এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
দ্রুত সড়ক দখলমুক্ত করে ছাগলের বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।