
সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে পটিয়া আইনজীবী সমিতি।
সোমবার দুপুরে উপজেলার পুঁইছড়ি মাকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নগদ অর্থ দেওয়া হয়।
দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমিতির নেতারা।
নগদ অর্থ প্রদানকালে পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান উপস্থিত ছিলেন।
পাশাপাশি সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এসএম রফিকুল আলাম ওসমানী সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়াও ওই বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট আমিনুল নিজামী রিফাত এবং প্রধান শিক্ষক পাপিয়া সিকদার অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার মো. মানিকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, সামর্থ্য অনুযায়ী দুর্যোগকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবারই মানবিক দায়িত্ব।