সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় বিদ্যালয়গুলোতে চুরির হিড়িক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২৬ | ৭:৩৬ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক সপ্তাহে অন্তত দশটির বেশি বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনার পর সর্বশেষ সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

প্রশাসন এখন পর্যন্ত এসব চুরির ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি বলে সংশ্লিষ্টদের অভিযোগ উঠেছে।

সোমবার ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায় চোরের দল।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ জানান, রোববার বিকেল পাঁচটার দিকে বিদ্যালয় বন্ধ করে সবাই বাড়িতে যান এবং সোমবার সকাল সাতটার দিকে বিদ্যালয়ের দপ্তরি চুরির বিষয়টি তাঁকে জানান।

খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষের তালা ও আলমারি ভাঙা দেখতে পান।

তিনি জানান, চোরেরা একটি প্রিন্টার, রাউটার, অণু, পিতলের ঘণ্টা, নগদ দুই হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।

রোববার রাতে অথবা সোমবার ভোরে চোরের দল এ ঘটনা ঘটাতে পারে উল্লেখ করে লাকী রানী দাশ জানান যে এ ঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে ১১ আগস্ট রাতে কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের আজিমপুর উচ্চ বিদ্যালয় ও পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কায়দায় চুরির ঘটনা ঘটে।

এর ঠিক দুই দিন পর ১৩ আগস্ট আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরি হয়।

এছাড়া কুসুমপুরা, কোলাগাঁও এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, পুলিশ প্রতিদিনই আসামি গ্রেপ্তার করছে এবং মাদকসেবীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে মাদকের স্পট চিহ্নিত করে ব্লক রেইড পরিচালনা করা হবে এবং মোবাইল কোর্টে সাজা বাড়ানোর জন্য ইউএনওকে অনুরোধ করা হয়েছে।