
সমাজ ও পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার স্থানীয় বাসিন্দারা।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমীর হোসাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা খোরশেদ আলম।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহবুব, মোজাম্মেল হক, শিক্ষক ইমরান হোসাইন, মোহাম্মদ ইদ্রিস এবং সাংবাদিক ইমরান সোহেল।
এছাড়া মো. ইউছুপ, সেলিম উদ্দিন, আজগর আলী, আমিনুল ইসলাম এবং আব্দুর রশিদ এই কর্মসূচিতে অংশ নেন।
একইসঙ্গে আবুল কাশেম, ইউনুস, মোহাম্মদ আলী, আহত কামাল উদ্দিন এবং শাহরিয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
মাদকের প্রভাবে তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা মানববন্ধনে তুলে ধরা হয়।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান বক্তারা।
পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়।
সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপরও বক্তারা গুরুত্ব আরোপ করেন।
মানববন্ধন থেকে আমিলাইষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়।