সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হালদার জোয়ারে হাটহাজারীতে পানিবন্দি হাজারো মানুষ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৬ | ৯:২৮ অপরাহ্ন


গচ্চালি শাখা খালে স্লুইসগেট না থাকায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদীর জোয়ারের পানিতে প্রতিদিন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকছে।

এতে উপজেলার গড়দুয়ারা ও মেখল ইউনিয়নের কয়েকটি এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

প্রতিদিন জোয়ারের সময় গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গচ্চালি শাখা খালের পশ্চিম পাশ ও দায়মুদ্দিন সারাং বাড়ির উত্তর পাশ দিয়ে অস্বাভাবিক পানি লোকালয়ে প্রবেশ করে।

এর ফলে গড়দুয়ারা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

সরেজমিনে দেখা যায়, পূর্ব মেখল ও পশ্চিম গড়দুয়ারা এলাকার লক্ষাধিক মানুষ প্রতিদিন আজিজিয়া মজিদিয়া সড়কে জোয়ারের পানির কারণে উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এ সময় মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের বিভিন্ন স্থান দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যায়।

এই কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষকে পানি নেমে না যাওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং তীব্র স্রোতে এলাকার রাস্তাঘাটও ধসে যাচ্ছে।

গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সংবাদকর্মী খোরশেদ আলম শিমুল, শফিক আহমদ ভুট্টু এবং কামাল হোসেন জানান যে, হালদা নদীর জোয়ারের পানি সরাসরি গচ্ছালি শাখা খাল হয়ে অনেকের বাড়িঘরে ঢুকে যায়।

এতে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয় বলে তাঁরা উল্লেখ করেন।

পূর্ব মেখল এলাকার বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সেলিম, সেকান্দর, রায়হান এবং মহরম জানান, জোয়ারের কারণে আজিজিয়া মজিদিয়া সড়কের ওপর দুই-তিন ঘণ্টা পানি থাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে।

গাড়ি চালাতে না পারায় তাঁদের পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করতে হয় জানিয়ে তাঁরা খালের মুখে দ্রুত একটি স্লুইসগেট নির্মাণ ও খাল সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

গড়দুয়ারা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুহতাদি কাউনাইন মিহরাব, হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুলহাজ আনোয়ার এবং তারেক আহমদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সমস্যার কথা তুলে ধরে।

তারা জানায়, বিকেল চারটায় স্কুল ও কলেজ ছুটি হওয়ার পর হাটহাজারী কলেজ গেট এলাকায় সড়কে পানি থাকায় সিএনজি অটোরিকশাগুলো গড়দুয়ারার দিকে যেতে পারে না।

সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সড়ক থেকে পানি না নামা পর্যন্ত ওই শিক্ষার্থীদের হাটহাজারীতেই অপেক্ষা করতে হয়।

এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ভুক্তভোগীরা দ্রুততম সময়ের মধ্যে হালদা নদীর শাখা খালের মুখে স্লুইসগেট স্থাপন ও খালের পাড় উঁচু করার দাবি জানিয়েছেন।